ন্যাশনাল ফ্রিল্যান্সারস সম্মেলন করতে ৫ চুক্তি সই

১২ আগষ্ট, ২০২৩ ১৯:৩৫  

দেশের ফ্রিল্যান্সারদের নিয়ে গঠিত ফেসবুক গ্রুপ ফ্রিল্যান্সারস অব বাংলাদেশের আয়োজনে আগামী ১৯ আগস্ট ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪–এ অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘ন্যাশনাল ফ্রিল্যান্সারস সম্মেলন’। সম্মেলনে ১৫জন দেশ সেরা ফ্রিল্যান্সারদেরকেও সম্মানিত করা হবে।

সম্মেলনে শীর্ষ পেশাদার, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক ব্যক্তি বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের পৃষ্ঠপোষকতা করেছে নেক্সট ভেঞ্চারস ও বিকাশ।

সম্মেলন বাস্তবায়নে শনিবার আয়োজকদের সঙ্গে ৫টি সমঝোতা চুক্তি হয়েছে। সম্মেলনের সহযোগী হিসেবে প্রথম আলো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো), বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস), জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) নিজ নিজ কার্যালয়ে চুক্তি করেছে।

মিরপুরে বিএফডিএস কার্যালয়ে সমঝোতা স্মারকে সই করেন বিএফডিএস সভাপতি তানজিবা রহমান।

চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজনের আহ্বায়ক এবং ভাইজার এক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল মোস্তফা এবং ইন্সট্রাক্টরির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিফাত এম হক।